নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা ছাত্রসমাজের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রসমাজের সাবেক সহসভাপতি শাহাদাৎ হোসেন রুপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে মাসদাইরে সরকারবিরোধী মিছিল থেকে ধাওয়া করে ছাত্রলীগের চার নেতাকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে ফতুল্লার ইসদাইর এলাকা থেকে শাহাদাৎ হোসেন রুপুকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।
অন্যদিকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে মাসদাইর অক্টোব অফিসের সামনে সরকারবিরোধী মিছিলের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় মিছিলকারীদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ইসদাইর পৌর স্টেডিয়াম গলি থেকে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পটুয়াখালীর বড়বাইশদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিশাদ মিয়া, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ নেতা মো. শিশির, মো. সাইফুল ইসলাম ও কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা মো. সিফাত।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারবিরোধী মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ধাওয়া করে। পরে ইসদাইর পৌর স্টেডিয়াম গলি থেকে চারজনকে আটক করা হয়। একই রাতে ইসদাইর এলাকা থেকে শাহাদাৎ হোসেন রুপুকেও গ্রেপ্তার করা হয়েছে।
ওসি জানান, আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

