নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৪তম কেন্দ্রীয় সম্মেলনে গঠিত নবনির্বাচিত ২৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা আক্তার।
গত ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিত দুই দিনব্যাপী ১৪তম কেন্দ্রীয় সম্মেলনের দ্বিতীয় দিন, ২৪ জুলাই সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালের মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এর আগে ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
কাউন্সিল অধিবেশনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে একটি সদস্যপদ শূন্য রেখে ২৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে সৈকত আরিফ এবং সাধারণ সম্পাদক হিসেবে ফারহানা মানিক মুনা নির্বাচিত হয়েছেন।
কেন্দ্রীয় কার্যকরী সদস্য হিসেবে মৌমিতা আক্তার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্যবিরোধী ও প্রগতিশীল ছাত্র আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ তথ্য নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্যসচিব তাহমিদ আনোয়ার বলেন, নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সংগঠনের আদর্শ ও কর্মসূচি আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী।

