জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছে মহানগর বিএনপি। একই সঙ্গে তিনি ভবিষ্যতে নারায়ণগঞ্জে এলে তাকে প্রতিহত করার হুঁশিয়ারিও দিয়েছেন দলটির নেতারা।
শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। তিনি বলেন, “মহানগর বিএনপির পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করছি। ভবিষ্যতে তিনি যদি নারায়ণগঞ্জে আসার চেষ্টা করেন, তাহলে আমরা তা প্রতিহত করব।”
তারেক রহমানকে নিয়ে করা মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “বাংলাদেশ তো বটেই, পৃথিবীর ইতিহাসেও তিন প্রজন্মের রাষ্ট্রনায়কের এমন নজির নেই। সেই তারেক রহমানকে নিয়ে যদি কেউ অবমাননাকর মন্তব্য করে, তা আমরা কখনোই মেনে নেব না।”
রেজা রিপন আরও বলেন, “তিনি লজিং মাস্টারও ছিলেন। আর আসিফ, নাহিদ ও হাসনাতরা ৫ আগস্টের আগে কোথায় ছিলেন? গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন, তা বিবেচনায় নিলে তাদের এসব বক্তব্যের কোনো ভিত্তি নেই।”
সমাবেশে মহানগর বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

