নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন কলেজটির সাবেক ভিপি ও মহানগর নিষিদ্ধঘষিত ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ।
বুধবার (৫ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি কলেজ ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে একাধিক প্রশ্ন ছুড়ে দেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, “সরকারি তোলারাম কলেজে সন্ত্রাসী আক্রমণে মার খেল কারা, শিবির নাকি ছাত্রদল? জিতল কারা? সাধারণ শিক্ষার্থীদের কাছেই আমার প্রশ্ন।”
তিনি আরও দাবি করেন, গত ১৫ বছরে শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা হয়েছিল। সে সময় সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, সেই স্মৃতি তাদের কাছে অবিস্মরণীয়।
বর্তমান পরিস্থিতির সমালোচনা করে রিয়াদ লেখেন, শিক্ষার্থীদের জীবনে এখন নিরাপত্তাহীনতা, মব সন্ত্রাস, ভয়ভীতি, ইভটিজিং, অত্যাচার, নিপীড়ন ও আতঙ্ক বিরাজ করছে। তিনি এসব বিষয়ে বিচার-বিবেচনার দায়িত্ব সাধারণ শিক্ষার্থীদের ওপর ছেড়ে দিয়ে আশাবাদ ব্যক্ত করেন, “অন্ধকার পেরিয়ে আলো আসবেই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।”
উল্লেখ্য, সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনার পর সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান রিয়াদের এই ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
(সংবাদে উল্লেখিত বক্তব্য হাবিবুর রহমান রিয়াদের ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া হয়েছে। এটি তাঁর ব্যক্তিগত মতামত ও দাবি।)

