নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর কলেজের শের-ই-বাংলা ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ।
বুধবার (৫ আগস্ট) দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটার পর বিকেলে ইসদাইর এলাকায় অবস্থিত শের-ই-বাংলা ছাত্রাবাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম ও হোস্টেল সুপারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৪টার মধ্যে সকল আবাসিক শিক্ষার্থীকে ছাত্রাবাস ত্যাগ করতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ছাত্রাবাস বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে, সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের পাশেই অবস্থিত ছাত্রী নিবাসের শিক্ষার্থীদেরও আপাতত বাইরে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছাত্রীদের চলাচলে সতর্কতা অবলম্বনের জন্য হল সুপার দারোয়ানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

