নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলারে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে স্থানীয় এক ইউপি সদস্যসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে একজনকে কারাদণ্ড এবং বাকিদের অর্থদণ্ড দেওয়া হয়।
রোববার (৯ আগস্ট) রাতে উপজেলার কাঞ্চন এলাকায় শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে রূপগঞ্জ থানা পুলিশ ও নৌ পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মুড়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মানিক মিয়া। এছাড়া রনি মিয়া, রাসেল মিয়া, সুমন খান, জাহাঙ্গীর, আলমগীর, শাহাদাত হোসেন, সুজন হোসেন, মুরাদ হোসেন, শফিক, মাহমুদুল হাসান, জুনায়েদ, রনি, চুমকী, মৌ, আখি, রিয়াদ, সালমা, জান্নাত, স্বপ্না, বিপ্লব মিয়া ও আলামিনের নামও পুলিশের দেওয়া তালিকায় রয়েছে।
পুলিশ জানায়, শীতলক্ষ্যা নদীতে একটি ট্রলারে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ট্রলার থেকে তাদের আটক করা হয়।
ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, আটকের পর তাদের তাৎক্ষণিক বিচারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। অভিযানে একজনের কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ইউপি সদস্যসহ বাকিদের অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
তিনি আরও জানান, ইউপি সদস্য মানিক মিয়ার বিরুদ্ধে পূর্বের একটি অপহরণ মামলা রয়েছে। ওই মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের এ অভিযানের পর শীতলক্ষ্যা নদীতে নৌযানে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

