নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি শিকদার বাড়ি পুল এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের হামলায় অন্তত চারজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে জালকুড়ি শিকদার বাড়ি পুল এলাকায় জুনায়েদ সিদ্দিকী ও তার স্বজনদের ওপর এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় করইতলা এলাকার বাসিন্দা সিয়াম (১৮), আরিয়ান (১৭), মাহফুজ (১৭)সহ ১৫ থেকে ২০ জন কিশোর এ হামলায় অংশ নেয় বলে পরিবারের অভিযোগ।
হামলায় জুনায়েদ ও তার কয়েকজন আত্মীয় শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরিবারের দাবি, হামলাকারীদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্রও ছিল। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরিবারের অভিযোগ, ঘটনার সূত্রপাত ৫ আগস্ট একটি বিয়েবাড়ির গায়ে হলুদের অনুষ্ঠানে। সেখানে সিয়াম নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি ও অতিথিদের সঙ্গে খারাপ আচরণ করছিলেন বলে অভিযোগ করা হয়। এ সময় জুনায়েদ এর প্রতিবাদ করে অতিথিদের গালাগালি না করার জন্য তাকে বলেন।
এতে ক্ষিপ্ত হয়ে সিয়াম জুনায়েদের চোখে ঘুষি মেরে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে জুনায়েদসহ অনুষ্ঠানে থাকা কয়েকজন এর প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরিবারের দাবি, ওই ঘটনার জেরেই সিয়াম তার সহযোগীদের নিয়ে পরবর্তীতে জুনায়েদের ওপর হামলা চালান।
পরদিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও বিরোধের অবসান হয়নি বলে দাবি পরিবারের। এরই ধারাবাহিকতায় ৯ আগস্ট সন্ধ্যায় আবারও জুনায়েদ ও তার স্বজনদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, “ঘটনার বিষয়টি আমি জানি। অতিসত্বর তদন্তের জন্য পুলিশ পাঠানো হচ্ছে।”

