একই সাদা পাঞ্জাবিতে ৫৩ জন, বসুন্ধরার ফ্ল্যাটে বৈঠক ঘিরে চাঞ্চল্য
নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে ১৫ আগস্টের কর্মসূচির প্রস্তুতি সভায় অংশ নেওয়ার অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের ৫৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ‘এম’ ব্লকের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করে ভাটারা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ৫৩ জনই নারায়ণগঞ্জ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। ১৫ আগস্টের কর্মসূচি ঘিরে তারা ওই ফ্ল্যাটে প্রস্তুতি সভায় বসেছিলেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, আটক তরুণদের সবাই সদ্য কেনা একই ধরনের সাদা পাঞ্জাবি পরা ছিলেন। ওই বৈঠকে কয়েকজন শীর্ষ নেতার আসার কথা থাকলেও তারা সেখানে উপস্থিত হননি।
পুলিশের ভাষ্য, ১৫ আগস্ট উপলক্ষে ঝটিকা মিছিল ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সেখানে সমবেত হয়েছিলেন। অভিযানকালে ফ্ল্যাটটি তল্লাশি করে ব্যানার ও প্ল্যাকার্ড উদ্ধার করা হয়।
এ ঘটনায় নারায়ণগঞ্জের ৫৩ নেতাকর্মীর আটকের বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে। তারা কী উদ্দেশ্যে ঢাকার বসুন্ধরায় জড়ো হয়েছিলেন, বৈঠকের আয়োজন কারা করেছিলেন এবং এর অর্থায়ন কোথা থেকে হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ওসি মাজহারুল ইসলাম জানান, ফ্ল্যাটটির মালিক কে এবং বৈঠকের অর্থায়ন কারা করেছে, সে বিষয়েও তদন্ত চলছে।
আটক ৫৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

