নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র্যাব ১১। এ সময় একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি ও একটি হ্যান্ড মাইকও উদ্ধার করা হয়।
শনিবার (১৫ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার কাঠেরপুল এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে র্যাব ১১।
র্যাব ১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১১ এর সিপিএসসি কোম্পানির একটি বিশেষ দল কাঠেরপুল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ছিনতাই ও মাদক কারবারের সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়।
পরে ওই নির্মাণাধীন ভবনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি টাইপ ৫৪ (৭.৬২) পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পাশাপাশি চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি ও একটি হ্যান্ড মাইকও উদ্ধার করা হয়।
র্যাব ১১ আরও জানায়, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

