যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফররত নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে লক্ষ্য করে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা।
স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) রাতে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভের একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে শামীম ওসমান দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা যায়, ১৫ আগস্ট উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম ওসমান। তার উপস্থিতির খবর পেয়ে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল ও যুবদলের শতাধিক নেতাকর্মী সেখানে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা শামীম ওসমান ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা বাদল মির্জার নেতৃত্বে বিক্ষোভে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বাদল মির্জা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের আন্দোলন চলমান রয়েছে। শামীম ওসমানের পাশাপাশি আওয়ামী লীগের যেকোনো নেতার প্রকাশ্য উপস্থিতির বিরুদ্ধেই তারা প্রতিবাদ করবেন।
বিক্ষোভ মিছিলে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি মোস্তফা কামাল পাশা বাবুল, বিএনপি নেতা সালেহ আহমদ মানিক, কচি, গোলাম মাহমুদ, হাসান, সাইফুল, মুন্নাসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর শামীম ওসমান দেশ ছাড়েন। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রাজনীতিতে আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। তার বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতন এবং নারায়ণগঞ্জে রাজনৈতিক আধিপত্য বিস্তারের নানা অভিযোগ রয়েছে।
শামীম ওসমানের নিউইয়র্কে উপস্থিতি এবং তাকে ঘিরে এই বিক্ষোভের ঘটনা এরই মধ্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

