নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে র্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় জড়িত অন্যতম আসামি আব্দুর রহিম ওরফে রাফি (২৩)কে গ্রেপ্তার করেছে র্যাব ১১।
রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ২টার দিকে ফতুল্লার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব ১১ সদর কোম্পানির একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গত ৫ মে সকাল সাড়ে ১১টার দিকে ফতুল্লার বোয়ালিয়া খালপাড় পানির ট্যাংকি এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে যায় র্যাব ১১ এর একটি ফোর্স সাপোর্ট (এফএস) টিম। এ সময় সেখানে থাকা কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী র্যাব সদস্যদের পরিচয় জানতে চায়।
র্যাব সদস্যরা পরিচয়পত্র দেখিয়ে নিজেদের পরিচয় দেওয়ার পর অভিযুক্তরা তাদের সহযোগীদের ডেকে আনে। পরে পিস্তল, ছুরি, চাকু, দা, চাইনিজ কুড়াল ও রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে র্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয় বলে জানায় র্যাব।
হামলায় র্যাবের তিন সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধান ও তদন্তে ওই হামলার ঘটনায় আব্দুর রহিম ওরফে রাফির সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাফিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব ১১।

