নারায়ণগঞ্জের বন্দরে চার মাসের বাড়িভাড়া চাওয়াকে কেন্দ্র করে বাড়ির মালিকের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে এক নারী ভাড়াটিয়ার বিরুদ্ধে। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের অভিযোগে ওই নারীকে ঘিরে রোববার (১৬ আগস্ট) বিকেলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনার একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা ওই নারীকে ঘিরে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ঘটনাটি ঘটেছে বন্দর থানাধীন কদমরসূল কলেজ মাঠপাড়া এলাকার একটি আটতলা ভবনে। অভিযুক্ত তানজিনা আক্তার লিপি প্রায় চার বছর ধরে ওই ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
ভবনের কেয়ারটেকার নাবিদুর রহমান নোবেল জানান, তানজিনা আক্তার লিপির কাছে চার মাসের ৪০ হাজার টাকা বাড়িভাড়া পাওনা রয়েছে। ওই টাকা চাইতে গেলে তাকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং ‘জেল খাটানোর’ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় এর আগেও তিনি বন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান নোবেল।
নোবেলের অভিযোগ, বাড়িভাড়া চাওয়াকে কেন্দ্র করে শনিবার রাতে ভবনের মালিকের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কুরুচিপূর্ণ পোস্ট দেন লিপি। রোববার বিকেলে বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় স্থানীয় নারী ও পুরুষরা ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠলে কয়েকজন নারী লিপিকে বাসা থেকে বের করে দেন। পরে ঘটনাস্থলে কয়েকশ নারী ও পুরুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, লিপি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সময় স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন করেন। তার বিরুদ্ধে মানুষকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগও রয়েছে বলে দাবি করেন তারা। তার কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত তানজিনা আক্তার লিপির বক্তব্য পাওয়া যায়নি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, ওই নারী সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষের সম্মানহানি, ভয়ভীতি প্রদর্শন এবং টাকা আদায়ের চেষ্টা করেন। স্থানীয় জনতা ও কয়েকজন দোকানদারের কাছ থেকেও তার টাকা পাওনা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওসি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই নারীকে সতর্ক করা হয়েছে। ঘটনাটি নিয়ে পাওয়া অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

