নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন দাবি তুলে ধরেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
রোববার (৩১ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব দাবি জানান। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের প্রশাসক রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।
সভায় আব্দুল্লাহ আল আমিন মাদক ও কিশোর গ্যাং দমনে সারাদেশে সমন্বিত যৌথ অভিযান পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি পুলিশের ওপর হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর জনবল ও সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
নারায়ণগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চাষাঢ়া পঞ্চবটি সড়কটি ৬ লেনে উন্নীত করার দাবি জানান তিনি। জনবহুল এ এলাকার ক্রমবর্ধমান যানবাহনের চাপ মোকাবিলায় সড়কটির দ্রুত আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। একই সঙ্গে স্টেডিয়াম এলাকায় ওভারব্রিজ নির্মাণ এবং শীতলক্ষ্যা নদীতে অবৈধ মাটি কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আব্দুল্লাহ আল আমিন বলেন, “রাজনৈতিক ভিন্নমত রাজনীতির জায়গায় থাকবে; কিন্তু নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে সরকারি দল, বিরোধীদল সবাইকে একযোগে কাজ করতে হবে। নারায়ণগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে কোনো অসহযোগিতা থাকবে না।”

