৭ হত্যা মামলার আসামি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ কালাই সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলিসহ কালাই সবুজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার সবুজ মুড়াপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে ৭টি হত্যাসহ বিভিন্ন অপরাধে মোট ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।
এ ঘটনায় তার সহযোগী এজাজুলকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২ সেপ্টেম্বর রাজধানীর ডেমরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালাই সবুজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। পরে সবুজের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী এজাজুলকে রূপসী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কালাই সবুজ রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাই মিয়ার ছেলে। অপর আসামি এজাজুল ভুলতা এলাকার মাঝিপাড়া গ্রামের মৃত শাহাদাতের ছেলে।
পুলিশ জানায়, কালাই সবুজ দীর্ঘদিন ধরে মুড়াপাড়া এলাকায় প্রভাব বিস্তার করে ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। সম্প্রতি তার অবস্থান শনাক্ত ও তাকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে রূপগঞ্জ থানা পুলিশ। প্রায় তিন মাস ধরে নজরদারির পর তার অবস্থান নিশ্চিত হয়ে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালানো হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, কালাই সবুজ একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৭টি হত্যাসহ বিভিন্ন অপরাধে মোট ২৬টি মামলা রয়েছে। একটি হত্যা মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।
ওসি আরও বলেন, পুলিশের দীর্ঘদিনের নজরদারির পর গত ২ সেপ্টেম্বর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে কালাই সবুজকে বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী এজাজুলকেও গ্রেপ্তার করা হয়। এজাজুলের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

