ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শিক্ষার্থীদের জন্য নিঃশর্ত হাফপাস নিশ্চিত করার দাবিতে চার ছাত্র সংগঠনের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক থেকে বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহার এবং শিক্ষার্থীদের জন্য হাফপাস কার্যকরের দাবি জানানো হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শিক্ষার্থীদের নিঃশর্ত হাফপাস নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জে সক্রিয় চারটি ছাত্র সংগঠনের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আহ্বানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি সৃজয় সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌরভ সেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী), জাতীয় ছাত্র শক্তি ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাপনী বক্তব্যে সৃজয় সাহা বলেন, “নারায়ণগঞ্জের মুক্তিকামী ছাত্রজনতার এখন জেগে ওঠার সময়। এখন যদি সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ না করে, তবে বিগত আওয়ামী আমলের মতোই সিন্ডিকেট মাফিয়ারা আমাদের ঘাড়ে চেপে বসবে। তাই সকলের ঐক্য ছাড়া এখানে কোনো বিকল্প নেই।”
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম বলেন, “যেসব ছাত্র সংগঠন আজ উপস্থিত হতে পারেনি, তাদেরও একত্রিত করতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে হবে। নারায়ণগঞ্জের স্বার্থে সবাইকে এক হতে হবে।”
জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলার মুখ্য সংগঠক নাজমুল ইসলাম বলেন, বাস মালিকরা কোনো ধরনের নোটিশ ছাড়াই নিজেদের ইচ্ছামতো ভাড়া বৃদ্ধি করেছেন। এ সিদ্ধান্ত প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, “বাসভাড়া কোনোভাবেই বাড়ানো যাবে না। বাস মালিকদের সিন্ডিকেট ভেঙে এই সিদ্ধান্ত বাস্তবায়ন না করলে আমরাও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো। সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করাই আমাদের নতুন ধারার রাজনীতি।”
বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) নারায়ণগঞ্জ জেলার সভাপতি জয় হাসান বলেন, “জ্বালানির দাম বৃদ্ধি হলে বাসভাড়া বাড়ানো হয়। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলে ভাড়া কমানো হয় না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষের জীবনযাত্রার ব্যয় যখন বাড়ছে, তখন অতিরিক্ত পরিবহনভাড়া যাত্রীদের ওপর আরও চাপ সৃষ্টি করছে।”
বৈঠকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সৌরভ সেন বলেন, “নারায়ণগঞ্জের ছাত্রজনতা কোনো সিন্ডিকেটের কাছে আর জিম্মি হয়ে থাকবে না। আমরা শিক্ষার্থীরা ৩০ টাকার বেশি এক টাকাও ভাড়া দেবো না।”
বৈঠকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জয় হাসান ও সদস্য সচিব দীপা নাগ তন্দ্রা, জাতীয় ছাত্র শক্তির নারায়ণগঞ্জ জেলার মুখ্য সংগঠক নাজমুল ইসলামসহ সংগঠনগুলোর অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষে উপস্থিত ছিলেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সৃজয় সাহা, সাধারণ সম্পাদক সৌরভ সেন, সাংগঠনিক সম্পাদক শাহীন মৃধা, নারায়ণগঞ্জ কলেজ কমিটির আহ্বায়ক মৌমিতা নূরসহ অন্যান্য নেতাকর্মীরা।

