নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনসিপির জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম তাওহীদ আহত হয়েছেন। পরে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বক্তাবলী ইউনিয়নের বক্তাবলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির নেতৃবৃন্দের অভিযোগ, স্থানীয় একটি বাড়িতে সাংগঠনিক বৈঠক শেষে ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার বিষয়ে স্থানীয়দের অভিযোগের পর তারা এর প্রতিবাদ করেন। এ সময় মাটি কাটার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জের ধরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান বলে দাবি করেন তারা।
এনসিপির জেলা প্রচার উপকমিটির সম্পাদক সোনিয়া আক্তার লুবনা অভিযোগ করেন, দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের ছোট ভাই ইয়াসিনসহ তার অনুসারীরা জড়িত ছিলেন বলেও দাবি করেন তিনি।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ। তিনি জানান, এনসিপির নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় কিছু লোকজনের ঝগড়া ও মারামারির ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তবে এ ঘটনার সঙ্গে তিনি বা বিএনপির কেউ জড়িত নন বলে দাবি করেন।
ঘটনার বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসাইন জানান, বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

