নারায়ণগঞ্জের ফতুল্লায় সংসদ সদস্যের বরাদ্দে সাহারা নগর ও বাইতুন নূর জামে মসজিদে উন্নয়ন কাজ শুরু হওয়ার পথে
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুটি মসজিদের উন্নয়ন কাজের প্রস্তুতি শুরু হয়েছে। নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের বরাদ্দ করা মসজিদ উন্নয়ন প্রকল্পের আওতায় ফতুল্লা ইউনিয়নের সাহারা নগর জামে মসজিদ ও বাইতুন নূর জামে মসজিদে এ উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
এরই অংশ হিসেবে মসজিদ দুটি সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের প্রকৌশলীরা। পরিদর্শনকালে মসজিদ দুটির বর্তমান অবস্থা, প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন এবং বরাদ্দকৃত অর্থের আওতায় সম্ভাব্য কাজগুলো পর্যবেক্ষণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, সরেজমিন পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় উন্নয়ন কাজের ধরন ও পরিধি যাচাই করা হয়েছে। বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে মসজিদ দুটির প্রয়োজনীয় উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। আগামী এক মাসের মধ্যেই মসজিদ দুটিতে বরাদ্দকৃত উন্নয়ন প্রকল্পের বাস্তব চিত্র দৃশ্যমান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় মুসল্লিদের ধর্মীয় উপাসনার পরিবেশ ও অবকাঠামোগত সুবিধা উন্নত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মসজিদ দুটির উন্নয়ন বরাদ্দ নিশ্চিত করার উদ্যোগ ও প্রচেষ্টায় ভূমিকা রেখেছেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার আহ্বায়ক মো. হাসান শিকদার, যুগ্ম আহ্বায়ক আরদিন আহমেদ সিয়াম এবং ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের সংগঠক রবিউল ইসলাম মিঠু।

