নারায়ণগঞ্জে ডিবি পুলিশের অভিযানে সাবেক এমপি কায়সার হাসনাতের ছোট ভাই গ্রেফতার হয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সানজিদ হাসনাত (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাই এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেল ৪টার দিকে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকার রেইন ফরেস্ট ইকো রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সানজিদ হাসনাতকে সোনারগাঁ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

