বন্দর থানা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আজকের বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও ক্লাবের সিনিয়র সহসভাপতি মো. আবু সাইদ মিয়া। কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় বন্দর বাজারের কে কে টাওয়ারে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আবু সাইদ মিয়া এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মনজুর আহমেদ মুন্না।
সভায় বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি সাব্বির আহম্মেদ সেন্টু, সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহম্মেদ, প্রস্তাবিত উপদেষ্টা শাহনাজ জামান ও নুরুল ইসলাম, অর্থ সম্পাদক সজিব খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজিদ হোসেন কিবরিয়া, সমাজকল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান সিরাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিমল চন্দ্র ঘোষ এবং সাধারণ সদস্য নাজমুল হাসানসহ অন্যরা।
সভায় ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় সাংগঠনিক নিয়ম অমান্য করার অভিযোগে নবনির্বাচিত সভাপতি হাজী মুহসিন দেওয়ানকে সভাপতির পদ ও স্থায়ী সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা না দিয়ে ফেসবুকে অপপ্রচারের মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।
সভাপতির পদ শূন্য হওয়ায় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত ও সাংগঠনিক নিয়ম অনুযায়ী সিনিয়র সহসভাপতি মো. আবু সাইদ মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
ক্লাবের কার্যনির্বাহী কমিটি আশা প্রকাশ করেছে, আবু সাইদ মিয়ার নেতৃত্বে বন্দর থানা প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর হবে। একই সঙ্গে সংগঠনের স্বার্থে তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

