নারায়ণগঞ্জের মাসদাইরে হিফযুল কুরআন একাডেমির উদ্যোগে ১৪তম সবক অনুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বাদ আসর মাদরাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শাহ্ ফতেহ্ উল্লাহ ইসলামিয়া দাখিল মাদরাসার সহসুপার এইচ এম নাসির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে এইচ এম নাসির উদ্দিন বলেন, “বর্তমান সময়ে একাডেমিক শিক্ষার পাশাপাশি সন্তানদের সঠিক নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা অত্যন্ত জরুরি। নৈতিক মূল্যবোধ ছাড়া আদর্শ মানুষ ও সমাজ গঠন সম্ভব নয়।”
হিফযুল কুরআন একাডেমির পরিচালক সৈয়দ আহমাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান ও নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে একাডেমির কোমলমতি শিক্ষার্থীরা ক্বিরাআত, হামদ ও নাত পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। পরে আলোচনা ও সবক প্রদান পর্ব শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

