নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ঝুটপট্টি এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং গোডাউন থেকে কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন সংশ্লিষ্টরা।

