স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকায় শুল্ক ও কর ফাঁকির অভিযোগে বিকেএমইএর পরিচালকসহ কয়েকটি টেক্সটাইল প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ‘অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্যনির্ভর’ দাবি করে প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জের জাহিন নীটওয়্যার্স লিমিটেড ও জামালউদ্দিন টেক্সটাইলস (প্রাঃ) লিঃ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষ এ প্রতিবাদ জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত প্রতিবেদনের কিছু তথ্য ও বক্তব্য তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক কার্যক্রম, বাস্তব পরিস্থিতি এবং প্রতিষ্ঠানের অবস্থানকে যথাযথভাবে প্রতিফলিত করেনি।
প্রতিষ্ঠান দুটির দাবি, তারা গত ৪৫ বছর ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের প্রচলিত আইন, বিধিবিধান এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের নির্দেশনা ও নিয়মনীতি অনুসরণ করেই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহিন নীটওয়্যার্স লিমিটেড ও জামালউদ্দিন টেক্সটাইলস (প্রাঃ) লিঃ উভয়ই রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান। দেশের রপ্তানি বাণিজ্যে অবদান রাখার পাশাপাশি প্রতিষ্ঠান দুটি বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের জীবিকা এবং তাদের পরিবারের সঙ্গে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম নিবিড়ভাবে সম্পৃক্ত বলেও উল্লেখ করা হয়।
সংশ্লিষ্ট একটি নজরদারি দলের পরিদর্শন ও প্রতিবেদন প্রসঙ্গে কর্তৃপক্ষ বলেছে, প্রতিষ্ঠানের সব স্থাপনা, কার্যক্রম, নথিপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্র পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা না করেই কিছু পর্যবেক্ষণ বা তথ্য উপস্থাপন করা হয়েছে বলে তাদের প্রতীয়মান হয়েছে। ফলে প্রকৃত পরিস্থিতির পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণ চিত্র প্রকাশিত প্রতিবেদনে উঠে আসেনি বলে দাবি তাদের।
শুল্ক ও কর ফাঁকির অভিযোগ প্রসঙ্গে প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষ বলেছে, প্রকাশিত প্রতিবেদনে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তার সঙ্গে তারা একমত নয়। যথাযথ তথ্য, নথিপত্র ও প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষভাবে বিষয়টি যাচাই করা হলে প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হবে বলে তারা বিশ্বাস করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কিছু সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যমে এমন কিছু বক্তব্য এসেছে, যা প্রতিষ্ঠান দুটির মতে অসম্পূর্ণ এবং প্রকৃত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সাংবাদিকতার নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার স্বার্থে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য, নথিপত্র ও তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে তারা।
কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠান দুটি শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং দীর্ঘ ৪৫ বছরের শিল্প ও কর্মসংস্থানের ধারাবাহিক উদ্যোগ। এখানে বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকের জীবিকা নির্ভরশীল। নিয়মিত বেতন-ভাতা পরিশোধের পাশাপাশি কর্মীদের কল্যাণে শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসাসেবা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষ বলেছে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো অসম্পূর্ণ বা একপক্ষীয় তথ্যের কারণে একটি প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম, বিনিয়োগ, রপ্তানি কার্যক্রম, কর্মসংস্থান এবং মানুষের জীবন-জীবিকার ওপর বিরূপ প্রভাব পড়া অনভিপ্রেত।
সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেছে, জাহিন নীটওয়্যার্স ও জামালউদ্দিন টেক্সটাইলসের সব স্থাপনা, নথিপত্র ও কার্যক্রম পূর্ণাঙ্গভাবে যাচাই করে নিরপেক্ষ ও ন্যায়সংগত সিদ্ধান্ত নেওয়া হোক।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠান দুটি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী। যেকোনো বৈধ তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা করতেও তারা প্রস্তুত।
শেষে প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষ প্রত্যাশা ব্যক্ত করে, সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতেই বিষয়টির যথাযথ মূল্যায়ন হবে এবং ন্যায়বিচার ও সুবিচার নিশ্চিত হবে।
বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে প্রকাশিত সংবাদকে ‘অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্যভিত্তিক উপস্থাপনা’ উল্লেখ করে এর প্রতিবাদ জানানো হয়।

