নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবহৃত একটি অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুটি মোটরসাইকেলে করে আসা চারজনের মধ্যে একজন কার্যালয়ের ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের দুটি পৃথক তদন্ত দল মাঠে নেমেছে।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লা মডেল থানাধীন উত্তর মাসদাইর এলাকার গাবতলী রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর মাসদাইর আমানা গার্মেন্টসসংলগ্ন গাবতলী রোডে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবহারের জন্য টিনের তৈরি একটি অস্থায়ী কার্যালয় রয়েছে।
রাত সোয়া ২টার দিকে দুটি মোটরসাইকেলে করে চার ব্যক্তি সেখানে আসে। একটি মোটরসাইকেলে থাকা দুজন কার্যালয়ের সামনে অবস্থান নেয়। অন্য মোটরসাইকেল থেকে হেলমেট পরা এক ব্যক্তি নেমে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে।
পরে কার্যালয়ের ভেতরে থাকা একটি প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত দৌড়ে মূল সড়কের দিকে পালিয়ে যায় ওই ব্যক্তি। তার সঙ্গে থাকা অন্যরাও মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের দুটি পৃথক তদন্ত দল কাজ শুরু করেছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন বলেন, যেখানে আগুন দেওয়া হয়েছে, সেটি সরাসরি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যালয় নয়। স্থানীয় বিএনপির কয়েকজন নেতা সেখানে বসে আলাপ আলোচনা করতেন। তবে বিষয়টিকে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
তিনি জানান, মোটরসাইকেলে করে এসে আগুন দিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ঘটনার পর এলাকায় রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা জানতে তদন্তের দিকে তাকিয়ে স্থানীয় নেতাকর্মী ও বাসিন্দারা।

