নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধ, দাঙ্গা হাঙ্গামা ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অজ্ঞাত ২০ থেকে ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
গত ১০ নভেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৩ নভেম্বর রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. ওয়ালিউল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১০ নভেম্বর রাত ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জালকুড়ি কড়ইতলা এলাকায় চাষাড়াগামী সড়কে একদল লোক নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছে। পরে রাত ৮টা ৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু বকর সিদ্দিক (রা.) মসজিদের সামনে ২০ থেকে ৩০ জনকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সড়ক অবরোধ করতে দেখে।
এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাদের গ্রেপ্তারের চেষ্টা করেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় যানবাহন, অফিস ও দোকানে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মামলার আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

