নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ছোট ফাউসা এলাকায় ব্যবসায়ী বিশ্বনাথ রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ থেকে ৭ জনের একটি মুখোশধারী ডাকাত দল বাড়ির কটেজের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের দরজা ভেঙে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।
এ সময় ডাকাতরা প্রায় ২২ হাজার টাকা নগদ, ৪ ভরি স্বর্ণালংকার এবং প্রায় ৩ হাজার ৫০০ রিয়াল লুট করে নেয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

