নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
রবিবার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে বন্দর উপজেলার ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জের পশ্চিম গেট সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে নৌ পুলিশ ফাঁড়ি সদর নারায়ণগঞ্জের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি কয়েকদিন আগে নদীতে ভেসে এসেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুজ্জামান জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে এবং আশপাশের থানাগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

