ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫ টাকা বৃদ্ধি করাকে অযৌক্তিক উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম সদস্য সচিব তাহমিদ আনোয়ার।
এক বিবৃতিতে তিনি বলেন, এই ভাড়া বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক এবং এটি সাধারণ যাত্রীদের উপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এ ধরনের সিদ্ধান্ত সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে।
তিনি আরও বলেন, জনস্বার্থ বিবেচনা না করে এভাবে ভাড়া বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণপরিবহন খাতে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত।
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বাড়ানোর ফলে জনদুর্ভোগ বেড়েছে। তাই অবিলম্বে এই ৫ টাকা ভাড়া বৃদ্ধি প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।

