ঢাকা–নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ‘বন্ধন’ ও ‘উৎসব’ পরিবহনের বাস ভাড়া বৃদ্ধি এবং শিক্ষার্থীদের হাফ পাস বন্ধের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, কোনো প্রকার যৌক্তিক কারণ বা সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা ছাড়াই বাস ভাড়া পুনরায় ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ গণবিরোধী সিদ্ধান্ত।
আজ এক যৌথ বিবৃতিতে জেলা সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক সৌরভ সেন বলেন,
“ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ভাড়া বৃদ্ধি একতরফা এবং লুণ্ঠনমূলক। পরিবহন মালিকরা যাত্রীদের সুবিধা-অসুবিধা উপেক্ষা করে ইচ্ছেমতো ভাড়া বাড়াচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও ভাড়া কমানো হয় না, অথচ সামান্য অজুহাতে হঠাৎ ভাড়া বাড়ানো হয়। যাত্রীদের সাথে পরিবহন মালিকদের সম্পর্ক সেবামূলক হওয়ার কথা থাকলেও বাস্তবে তা একতরফা লুটপাটে পরিণত হয়েছে।”
বিবৃতিতে নেতৃবৃন্দ গত বছরের সিদ্ধান্তের প্রসঙ্গ তুলে ধরেন। তারা বলেন,
“২০২৫ সালের ২০ আগস্ট একইভাবে ভাড়া বৃদ্ধি করা হলে ছাত্র-জনতার তীব্র প্রতিরোধের মুখে জেলা প্রশাসন ও পরিবহন মালিকপক্ষ বৈঠকে বসতে বাধ্য হয়। পরবর্তীতে কয়েক দফা আলোচনার ভিত্তিতে ভাড়া ৫০ টাকা বহাল রাখা এবং শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ৭ দিন শর্তহীন হাফ পাস চালুর সিদ্ধান্ত গৃহীত হয়।”
তারা আরও উল্লেখ করেন, নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাতায়াতকারী যাত্রীদের একটি বড় অংশ শিক্ষার্থী, যাদের অধিকাংশই মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের। তবে দুঃখজনকভাবে কিছু সময় পর পরিবহন কর্তৃপক্ষ হাফ পাস কার্যক্রম বন্ধ করে দেয়। এমনকি হাফ পাস চাইলে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠে আসে, যা প্রতিশ্রুতি ভঙ্গ ও যাত্রীদের সাথে প্রতারণার শামিল।
নেতৃবৃন্দ বলেন,
“নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
দাবিসমূহ:
১. অবিলম্বে বর্ধিত ৫ টাকা ভাড়া প্রত্যাহার করে পূর্বের ৫০ টাকা বহাল করতে হবে
২. সপ্তাহে ৭ দিন কোনো প্রকার শর্ত ছাড়াই সকল শিক্ষার্থীর জন্য হাফ পাস কার্যকর করতে হবে
অন্যথায়, নারায়ণগঞ্জের ছাত্র সমাজ ও সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নারায়ণগঞ্জে বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

