বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার ও শিক্ষার্থীদের হাফ পাস ২৫ টাকার দাবিতে জেলা প্রশাসকের কাছে ছাত্র ফেডারেশনের স্মারকলিপি
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার এবং শিক্ষার্থীদের জন্য শর্তহীন হাফ পাস কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কোনো যৌক্তিক কারণ ও সরকারি নির্দেশনা ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাসে অতিরিক্ত ৫ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।
ছাত্র ফেডারেশন জানায়, ২০২৪ সালের অক্টোবরে শিক্ষার্থীদের জন্য সপ্তাহে সাতদিন, ২৪ ঘণ্টা হাফ পাস কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হলেও অধিকাংশ পরিবহন তা মানছে না। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো:
১। অবিলম্বে অতিরিক্ত ৫ টাকা ভাড়া প্রত্যাহার করে পূর্বের ভাড়া পুনর্বহাল করতে হবে।
২। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া সর্বোচ্চ ২৫ টাকা নির্ধারণ করতে হবে।
৩। সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে কোনো শর্ত ছাড়াই শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে।
৪। সরকারি সিদ্ধান্ত ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।
স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাইদুর রহমান বলেন, “নারায়ণগঞ্জ একটি শ্রমজীবী অধ্যুষিত এলাকা। কোনো ধরনের আলোচনা বা বিআরটিএ’র নির্দেশনা ছাড়া মালিকপক্ষের একক সিদ্ধান্তে ভাড়া বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর না করে বারবার হয়রানি করা হচ্ছে। প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সাধারণ শিক্ষার্থী ও জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

