নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় বিদ্যুতায়িত খুঁটির স্পর্শে নির্মূলা (৬৮) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে মাসদাইর পতেঙ্গা মোড় এলাকার আল-আমিন মসজিদ গলিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মূলা চানমারী মাউড়া পট্টির বাবুলের বাড়ির ভাড়াটিয়া ও মৃত তৈয়ব আলীর স্ত্রী। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানান, রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ইন্টারনেট সংযোগের বক্স বাঁধা ছিল। টানা বৃষ্টিতে বক্সটি ভিজে গেলে পুরো খুঁটিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। শুক্রবার দুপুর দেড়টার দিকে নির্মূলা পাশের আল-আমিন মসজিদের দিকে যাওয়ার সময় অসাবধানতাবশত খুঁটিতে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। এলাকাবাসীর অভিযোগ, মাসদাইর পতেঙ্গা মোড় ও আশপাশের সড়কে সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা রাস্তা, জলাবদ্ধতা ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ নিয়ে অভিযোগ করা হলেও জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ নেই।
স্থানীয়দের ভাষায়, “রাস্তা যেন মরণফাঁদে পরিণত হয়েছে। পানি জমে থাকে, বিদ্যুতের তার ও খুঁটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকে। দুর্ঘটনা ঘটার পরই শুধু সবাই নড়েচড়ে বসে।”
এ ঘটনায় দ্রুত সড়ক সংস্কার, জলাবদ্ধতা নিরসন এবং ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ অপসারণের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

