নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে কলেজের রোভার স্কাউট গ্রুপ। শনিবার (১০ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সিনিয়র রোভার মেটবৃন্দ এ ব্যাখ্যা প্রদান করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ মে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানটি শুধুমাত্র কলেজের বর্তমান ও নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানস্থলে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে রোভার স্কাউট সদস্যরা গেট ও মিলনায়তনের প্রবেশপথে দায়িত্ব পালন করছিলেন।
এসময় কিছু বহিরাগত ব্যক্তি শিল্পী লালনের সঙ্গে দেখা করার অজুহাতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন বলে দাবি করা হয়। রোভার সদস্যরা বাধা দিলে অন্য একটি প্রতিষ্ঠানের পরিচয়ধারী কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও উত্তেজনার সৃষ্টি হলে নারী রোভার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ঘটনায় ৩ জন নারী রোভার সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেছে সংগঠনটি।
রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার আংশিক ভিডিও ছড়িয়ে পড়ায় প্রকৃত পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এতে আহত নারী সদস্যরা সামাজিক ও পারিবারিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, দায়িত্বপালনরত সদস্যরা কেবল কলেজের শৃঙ্খলা রক্ষার চেষ্টা করছিলেন এবং ভিডিওতে দৃশ্যমান অংশ ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপের একটি অংশমাত্র।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যাচাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানানো হয়।
সরকারি তোলারাম কলেজ রোভার স্কাউট গ্রুপ জানিয়েছে, বিষয়টি কলেজ প্রশাসনকে অবহিত করা হয়েছে।

