নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এসএসসি পরীক্ষায় ভুল সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। এতে উপজেলার শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৫৪ জন পরীক্ষার্থীর ভবিষ্যৎ ও ফলাফল নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) ব্যবসায় শিক্ষা শাখার ‘ব্যবসায় উদ্যোগ’ পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আতাদী উচ্চ বিদ্যালয়, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের মোট ২৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪০১ নম্বর কক্ষে থাকা ৫৪ জন পরীক্ষার্থী ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু দায়িত্বরতরা তাদের হাতে তুলে দেন ২০২৫ সালের পুরনো সিলেবাসের প্রশ্নপত্র। শিক্ষার্থীরা বিষয়টি তাৎক্ষণিক বুঝতে না পারলেও পরীক্ষার পর প্রশ্ন মিলিয়ে দেখার সময় বিষয়টি জানাজানি হয়।
নির্ধারিত পাঠ্যসূচির বাইরে পরীক্ষা দিতে বাধ্য হওয়ায় ওই শিক্ষার্থীদের ফলাফল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খবরটি ছড়িয়ে পড়লে কেন্দ্র এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে। অভিভাবকরা একে কর্তৃপক্ষের চরম দায়িত্বজ্ঞানহীনতা হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের ন্যায্য মূল্যায়নের দাবি জানিয়েছেন।
শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মাহমুদুল হাসান মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “ভুলটি মূলত হল সুপারের অসতর্কতার কারণে হয়েছে। আমরা বিষয়টি শিক্ষা বোর্ডকে অবহিত করেছি যাতে পরীক্ষার্থীদের কোনো ক্ষতি না হয়।”
গাফিলতি প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক মিলন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি তদন্ত করছি এবং শিক্ষার্থীদের শিক্ষা জীবনের কথা বিবেচনা করে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।”

