নারায়ণগঞ্জে ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে ২০২৬) বাদ জুমা শহরের ঐতিহাসিক ডিআইটি মসজিদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর।
উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মামুন ফেরদাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আল্লামা আব্দুল আউয়াল।
তিনি বলেন, ভারতে মুসলমানদের ওপর হামলা, বাড়িঘর, মসজিদ ও মাদ্রাসায় আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা অবিলম্বে বন্ধে ভারত সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় হাইকমিশন ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। পাশাপাশি মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন উলামা পরিষদের মহানগর সহ-সভাপতি মুফতী আব্দুর রহীম কাসেমী, মাওলানা নোমান সিদ্দিকী, সেক্রেটারি মুফতী মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মুফতী আব্দুল গনী, দেওভোগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা যোবায়ের আহমদ, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, খেলাফত মজলিস ফতুল্লা থানা সেক্রেটারি মাওলানা শরীফ মাহমুদ, মহানগর উলামা পরিষদের সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আমিনুর রহমান নড়াইলী, প্রকাশনা সম্পাদক মাওলানা মুহিব ইমতিয়াজ, সহ-প্রচার সম্পাদক মুফতী রিয়াজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

