নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি ইটভাটায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) রাতে উপজেলার বিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘এআরবি ব্রিকস’ নামের ইটভাটার পরিচালক গোলজার মোল্লা দীর্ঘদিন ধরে কাঞ্চনের বিরাবো এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছেন। অভিযোগ রয়েছে, কিছুদিন ধরে স্থানীয় খালপাড় এলাকার কাউসার, ফজলে রাব্বিসহ কয়েকজন তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
গোলজার মোল্লা জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোমবার রাতে কাউসার, ফজলে রাব্বি ও সানির নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ইটভাটায় অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ভাটার অফিস কক্ষে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং আলমারি ভেঙে ইট বিক্রির নগদ ১৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে এক কর্মচারীকেও মারধর করা হয় বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে রূপগঞ্জের ভোলাবো তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

