নারায়ণগঞ্জের বন্দর থানার কবিলারমোড় এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তাসনিম (১৬) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার বিকেলে উপজেলার কাজীবাড়ী এলাকায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালান তাসনিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিশু প্রাইভেট পড়া শেষে প্রতিবেশী এক নারীর ঘরে কার্টুন দেখছিল। তখন পাশের বাসার ভাড়াটিয়া রশিদের ছেলে তাসনিম আরেক শিশুকে দিয়ে ওই ছাত্রীকে ডেকে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে মুখ চেপে ধরে ধর্ষণচেষ্টা চালায়। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত কিশোর হুমকি দিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগীর পিতা বলেন, “আমি কঠিন বিচার চাই, যাতে আর কোনো শিশুর সাথে এমন না ঘটে।”
এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে কবিলারমোড় এলাকায় তাসনিম যাওয়ার সময় শিশুটি তাকে দেখিয়ে দিলে স্থানীয় লোকজন আটক করে গণপিটুনি দেয়।
বন্দর থানার ওসি মো. গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, আহতকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

