নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে মাইদুল ইসলাম মৃদুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হলে এনসিপির এক নেতার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ভুক্তভোগীদের মাঝে পানি বিতরণ নিশ্চিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) ফতুল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে কয়েকটি পরিবার সিটি কর্পোরেশনের মাধ্যমে বিশুদ্ধ পানি ক্রয় করে। নির্ধারিত স্থানে পানি সরবরাহ করতে গেলে মাইদুল ইসলাম মৃদুল নিজেকে এনসিপির নেতা পরিচয় দিয়ে সরবরাহ কার্যক্রমে বাধা দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবার বিষয়টি জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব জুলফিকার হায়দার বিপ্লবকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্যার সমাধানের উদ্যোগ নেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিপ্লবের উপস্থিতিতে মৃদুল সরবরাহকারী গাড়ির চালক ও সুপারভাইজারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং পানি বিতরণ কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
এদিকে এলাকায় দীর্ঘদিন ধরে খাবার পানির সংকট থাকায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা দেখা দেয়। পরে এনসিপি নেতা জুলফিকার হায়দার বিপ্লবের হস্তক্ষেপে জনসাধারণের মাঝে পানি বিতরণ সম্পন্ন হয়। তবে বাধার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় পানি ক্রয় করতে হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর জুলফিকার হায়দার বিপ্লব অভিযোগ করে বলেন, “এনসিপির কোনো সাংগঠনিক পরিচয় না থাকা সত্ত্বেও মাইদুল ইসলাম মৃদুল দলের নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। ঘটনাস্থলে তার আচরণে সাধারণ মানুষ বিব্রত হয়েছেন। পরে নিজের কর্মকাণ্ড আড়াল করতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছেন।”
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে জনসেবামূলক কার্যক্রমে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে মাইদুল ইসলাম মৃদুলের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

