নারায়ণগঞ্জের কৃতী শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. আলিয়ার হোসেন যুক্তরাজ্যের অক্সফোর্ডে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্যানেল আলোচনায় বক্তা হিসেবে অংশ নিচ্ছেন। ‘The Student-Led Uprising and the Future of Post-Revolutionary Bangladesh’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত।
আলোচনাটির আয়োজন করেছে Oxford Bangla Society। এতে বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন, পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, গণতন্ত্রের ভবিষ্যৎ এবং দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় রূপান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
প্যানেলে ড. আলিয়ার হোসেনের সঙ্গে আরও বক্তব্য রাখবেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি শাদিক কায়েম, মানবাধিকারকর্মী ও কেমব্রিজের শিক্ষাবিদ ড. নাবিলা ইদ্রিস এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ও ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ।
পোস্টারে উল্লেখ করা হয়েছে, ড. আলিয়ার হোসেন রাজনৈতিক অর্থনীতি, সুশাসন, টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) এবং নির্বাহী নেতৃত্ব বিষয়ে বিশেষজ্ঞ। তিনি বর্তমানে লন্ডনের নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশসহ বিভিন্ন আন্তর্জাতিক নীতিনির্ধারণী গবেষণার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই প্যানেল আলোচনায় ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের প্রভাব, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ এবং গণতান্ত্রিক রূপান্তরের সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করা হবে।

