নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের উত্থাপিত প্রশ্নের জবাবে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের উন্নয়ন, চাষাড়া মোড়ে ইন্টারচেঞ্জ ও ওভারপাস নির্মাণ এবং আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ নিয়ে সরকারের পরিকল্পনার তথ্য তুলে ধরেছেন সড়ক পরিবহন ও সেতু (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) মন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী জানান, সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত নারায়ণগঞ্জ লিংক সড়ককে ৬ লেনে উন্নীত করার প্রকল্পের কাজ ২০২৫ সালের জুন মাসে শেষ হয়েছে। তবে চাঁনমারী থেকে চাষাড়া পর্যন্ত প্রায় ৪৫০ মিটার অংশে সড়ক ও জনপথ বিভাগের নিজস্ব জমি না থাকায় সেখানে পরিকল্পনামাফিক প্রশস্তকরণ সম্ভব হয়নি। সংশ্লিষ্ট জমির মালিকানা বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে রয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভূমি বিনিময়ের বিষয়টি বর্তমানে অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে। ভূমি হস্তান্তরের কাজ শেষ হলে চাঁনমারী, রাইফেল ক্লাব ও চাষাড়া মোড়ে প্রয়োজনীয় সড়ক প্রশস্তকরণের পাশাপাশি আধুনিক এট-গ্রেড ইন্টারসেকশন (ইন্টারচেঞ্জ) এবং ওভারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে চাষাড়া থেকে পঞ্চবটি হয়ে পোস্তগোলা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সড়কটিকে ইনার সার্কুলার রোডের অংশ হিসেবে সার্ভিস লেনসহ ৪ লেনে উন্নীত করার বিষয়টি বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

