‘মিথ্যা সংবাদ দিয়ে রাজনৈতিকভাবে ঘায়েল করার চেষ্টা চলছে’ অভিযোগ মহানগর বিএনপির সদস্য সচিবের
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ করেছেন, ওসমান পরিবারের অনুসারী ও তাদের কথিত দোসরদের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে কয়েকটি স্থানীয় পত্রিকা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি দাবি করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বক্তব্য বিকৃত করে এবং ঘটেনি এমন ঘটনাকে অতিরঞ্জিত করে সংবাদ প্রকাশের মাধ্যমে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।
শনিবার এক বিবৃতিতে টিপু বলেন, সম্প্রতি মৌমিতা বাস কোম্পানিকে কেন্দ্র করে প্রকাশিত কিছু সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি দাবি করেন, ওই কোম্পানির সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং কোম্পানির জেনারেল ম্যানেজার নিজেও তার সঙ্গে কোনো পরিচয় বা যোগাযোগ থাকার বিষয়টি অস্বীকার করেছেন। চাঁদাবাজির অভিযোগও ভিত্তিহীন বলে তিনি উল্লেখ করেন।
টিপুর ভাষ্য, ‘কালা’ নামে পরিচিত এক ব্যক্তিকে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাঁড় করানো হচ্ছে। তিনি দাবি করেন, ওই ব্যক্তি অতীতে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ ছিলেন এবং বর্তমানে যুবদল নেতা সাহেদের সহযোগী হিসেবে কাজ করছেন। তাকে দিয়ে সাজানো বক্তব্য প্রচার করে রাজনৈতিক চাপ সৃষ্টি এবং তাকে নীরব করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি আরও অভিযোগ করেন, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কয়েকটি স্থানীয় গণমাধ্যম তার বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণায় নেমেছে। তবে এসব প্রচারণা তাকে ওসমান পরিবার ও তাদের অনুসারীদের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত রাখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে টিপু বলেন, ‘যারা বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে, তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।’

