এমপি পুত্র গ্রেফতারের পর পুনরায় মুক্তি দেওয়ার ঘটনায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব জুলফিকার হায়দার বিপ্লব।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বক্তব্যে তিনি বলেন, এমপি পুত্র গ্রেফতারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আশা তৈরি হয়েছিল যে সরকার প্রশাসনকে আরও নিরপেক্ষ অবস্থানে নিয়ে আসবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। কিন্তু পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তির ঘটনায় সেই আশা অনেকটাই ম্লান হয়ে গেছে।
বিপ্লবের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এমনকি অভিযোগের গুরুত্ব বিবেচনায় একটি রাজনৈতিক সংগঠনও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে বহিষ্কার করেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে তাকে পুনরায় মুক্তি দেওয়ায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “যদি সংশ্লিষ্ট ব্যক্তি প্রকৃতপক্ষে নির্দোষ হয়ে থাকেন, তাহলে তাকে বহিষ্কার করা হয়েছিল কেন? আর যদি অভিযোগের ভিত্তি থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া কেন এগোলো না? এসব প্রশ্নের উত্তর জনগণ জানতে চায়।”
এনসিপি নেতা আরও বলেন, দেশের সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে একটি ধারণা রয়েছে যে প্রভাবশালী ও অভিজাত শ্রেণির অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠলেও শেষ পর্যন্ত তাদের বিচার নিশ্চিত হয় না। সাম্প্রতিক ঘটনাও সেই ধারণাকে আরও শক্তিশালী করেছে বলে তিনি মনে করেন।
তিনি প্রশাসনের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, “প্রশাসন কি সত্যিই অপরাধ দমনে আন্তরিক, নাকি কোনো অদৃশ্য প্রভাব ও সমঝোতার বলয়ে আটকে যাচ্ছে? আইনের দৃষ্টিতে সবাই সমান হলে তার বাস্তব প্রতিফলন জনগণ দেখতে চায়।”

