সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মান উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে দিনব্যাপী ‘উন্নয়ন সাংবাদিকতা’ বিষয়ক কর্মশালার আয়োজন করেছে অনলাইন সংবাদমাধ্যম বাংলার শিরোনাম। বৃহস্পতিবার (২৫ জুন) শহরের ডাকবাংলো ভবনে আয়োজিত এ কর্মশালায় জেলার পাঁচটি উপজেলা থেকে অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে চলা এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আবু হানিফ খান।
প্রশিক্ষণ সেশনে তিনি সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। রিপোর্ট লেখার সঠিক পদ্ধতি, তথ্য-উপাত্ত সংগ্রহ, যাচাই-বাছাই এবং কার্যকর উপস্থাপনার কৌশল হাতে-কলমে শেখানো হয়। কর্মশালার প্রথম পর্বে অংশগ্রহণকারীদের নিয়ে গ্রুপভিত্তিক প্রশিক্ষণ পরিচালনা করা হয়।
দুপুরের বিরতির পর অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে মোবাইল সাংবাদিকতা (মোজো), সংবাদ কাঠামো, ভিডিও কনটেন্ট নির্মাণ এবং মোবাইল সাংবাদিকতায় ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জামের ব্যবহারিক দিক তুলে ধরা হয়। পাশাপাশি আলোর সঠিক ব্যবহারসহ আধুনিক সাংবাদিকতার নানা কারিগরি বিষয়েও গুরুত্বপূর্ণ পরামর্শ দেন প্রশিক্ষক।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন,
“সাংবাদিকতাকে শুধু পেশা হিসেবে নয়, সমাজ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখতে হবে। আগামী দিনে এই চ্যালেঞ্জিং পেশায় টিকে থাকতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে আপনারা আরও দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক হিসেবে নিজেদের গড়ে তুলবেন বলে আমি আশা করি।”
তিনি সাংবাদিকদের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন এবং দৈনিক সংগ্রামের নারায়ণগঞ্জ মহানগর প্রতিনিধি হাফেজ আব্দুল মোমিন।
এছাড়া বাংলাবাজার পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী প্রধান ও দৈনিক বাংলার চোখের নারায়ণগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলাম কর্মশালার সার্বিক সহযোগিতা করেন।
প্রশিক্ষণ শেষে আয়োজক কর্তৃপক্ষ জানায়, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চাকে উৎসাহিত করতে বাংলার শিরোনাম ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখবে।
শীতাতপ নিয়ন্ত্রিত ও মনোরম পরিবেশে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা উৎসাহ ও আগ্রহের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং এটিকে সময়োপযোগী ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

