বন্দরে হামলা করতে এসে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে গণপিটুনি খেল কিশোর গ্যাং। এ সময় ধাওয়া খেয়ে গ্যাংয়ের সদস্যরা পালিয়ে গেলেও গণপিটুনির শিকার হয়েছে কিশোর গ্যাং লিডার শাওন (১৪) ও তার কয়েকজন সহযোগী।
বুধবার (১ জুলাই) রাতে বন্দরের ২৪ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দেউলী চৌরাপাড়া এলাকার সৌদি আরব প্রবাসী খায়রুল ও তার স্ত্রী জাকিয়ার মধ্যে আর্থিক অনিয়মসহ বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে পারিবারিক ঝামেলা চলছিল। এই বিরোধ মীমাংসার লক্ষ্যে বুধবার রাতে জাকিয়ার নানীর বাড়িতে একটি ঘরোয়া বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠক শেষে খায়রুল ও তার পরিবারের সদস্যরা যখন বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই কুড়িপাড়া লালখারবাগ এলাকার জহিরউদ্দিনের ছেলে ও চৌরাপাড়া এলাকার পাপিয়ার মেয়ে জামাই কিশোর গ্যাং লিডার শাওনের (১৪)নেতৃত্বে একদল বখাটে তাদের ওপর অতর্কিতে হামলা চালায়।
হামলার সময় খায়রুল ও তার পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং হামলার বিরুদ্ধে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলেন।
এলাকাবাসীর ধাওয়ার মুখে কিশোর গ্যাংয়ের অধিকাংশ সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও, প্রধান হোতা শাওন ও তার কয়েকজন সহযোগী জনতার হাতে ধরা পড়ে। এ সময় উত্তেজিত এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন জানান, ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বন্দরে হামলা চালাতে এসে এলাকাবাসীর প্রতিরোধে গণপিটুনির শিকার কিশোর গ্যাং লিডার শাওন
লেখক: নারায়ণগঞ্জ প্রতিনিধি

