নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাই মামলার এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। অভিযানে অংশ নেওয়া এক উপপরিদর্শক (এসআই), এক কনস্টেবল ও পুলিশের এক সোর্সকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাত ভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন এবং পুলিশের সোর্স মাসুম মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের একটি মামলার আসামি সাগরসহ অন্যদের গ্রেফতারের লক্ষ্যে শনিবার দুপুরে সাত ভাইয়াপাড়া এলাকায় সাদা পোশাকে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে পুলিশের সঙ্গে ছিলেন একজন সোর্সও।
অভিযানের একপর্যায়ে আসামি সাগর ও তার ভাই সজল পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিত হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপ দিলে এসআই সুরুজ্জামান, কনস্টেবল শাহীন এবং সোর্স মাসুম মিয়া গুরুতর আহত হন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলার সঙ্গে জড়িত সাগর ও তার ভাই সজলকে হাতেনাতে গ্রেফতার করে।
পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং হামলার ঘটনায় পৃথক মামলাও দায়ের করা হবে।

