নারায়ণগঞ্জের বন্দরে হাত বাঁধা অবস্থায় সৈয়দ হোসেন পিয়াল (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় বন্দর থানার একরামপুর সিএসডি গেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত পিয়াল বন্দর থানার একরামপুর এলাকার আবুল হোসেনের ছেলে।
নিহতের বাবা আবুল হোসেন জানান, রাত ৩টার দিকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে পিয়াল নিজ কক্ষে ঘুমাতে যান। সারাদিন তার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের পেছনের ছোট জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হাত বাঁধা অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
লাশ উদ্ধারে আসা বন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আরিফ পাঠান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। যদিও ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তবে ঘরের পেছনে একটি ছোট জানালা রয়েছে, যেটি দিয়ে একজন মানুষের সহজেই যাতায়াত করা সম্ভব। ঘটনাস্থলে জানালাটি খোলা ছিল এবং মরদেহের দুই হাত বাঁধা অবস্থায় পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ রহস্যজনক এ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

