এইচএসসি ২০২৬ সালের পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে অসংগতি নিয়ে বিভিন্ন মাধ্যমে ওঠা অভিযোগের পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

রোববার (১৩ জুলাই) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদার্থবিজ্ঞান পরীক্ষার সংশ্লিষ্ট প্রশ্ন দুটির বিষয়ে বিভিন্ন মাধ্যমে উত্থাপিত বিষয়টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা অবগত রয়েছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পর্যালোচনায় যদি সংশ্লিষ্ট প্রশ্নে ত্রুটি বা অসংগতি প্রমাণিত হয়, তাহলে প্রচলিত পরীক্ষা মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে। কোনো পরীক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর প্রদান করা হবে।
এদিকে, প্রশ্নের অসংগতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও গুজব ছড়িয়ে পড়ায় পরীক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্তিকর তথ্য প্রচার বা বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তসলিমা বানু স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

