নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আওতা বাড়িয়ে ফতুল্লার এনায়েতনগর, ফতুল্লা, কাশিপুর, কুতুবপুর ও বক্তাবলী ইউনিয়নকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মন্তু।
তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ ও গোদনাইলের পাশেই এনায়েতনগর, ফতুল্লা, কাশিপুর, কুতুবপুর ও বক্তাবলী এলাকা। দীর্ঘদিন ধরে এসব এলাকার মানুষ নানা ধরনের নাগরিক দুর্ভোগ ও অবহেলার শিকার হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মানুষের ভোগান্তি চরমে ওঠে।
মমতাজ উদ্দিন মন্তু বলেন, “আমার এলাকা সিদ্ধিরগঞ্জ ও গোদনাইলের পাশেই এনায়েতনগর, ফতুল্লা, কাশিপুর, কুতুবপুর ও বক্তাবলী। দীর্ঘদিন ধরে এসব এলাকার মানুষ নানা ধরনের অবহেলার শিকার। একটু বৃষ্টি হলেই অনেক জায়গা পানিতে তলিয়ে যায়। মানুষের দুর্ভোগের শেষ থাকে না।”
তিনি বলেন, এসব ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় আনা হলে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবার মানও উন্নত হবে বলে তিনি মনে করেন।
মমতাজ উদ্দিন মন্তু আরও বলেন, “এই এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে এনায়েতনগর, ফতুল্লা, কাশিপুর, কুতুবপুর ও বক্তাবলী ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় নিয়ে আসা হোক। আমার আত্মীয়স্বজন, প্রিয় মানুষসহ এলাকার সাধারণ মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, এটাই আমার দাবি।”
নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়ন ও পরিকল্পিত নগরায়ণের স্বার্থে সিটি করপোরেশনের পরিধি বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান বিএনপির এই নেতা।

