নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে দলীয় রাজনীতি, ত্যাগ এবং বর্তমান অবস্থান নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। তার এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। খোরশেদ অতীতে চারবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এবং করোনা মহামারির সময় মানবিক কর্মকাণ্ডের জন্যও আলোচনায় এসেছিলেন।
গতকাল প্রকাশিত ওই স্ট্যাটাসে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল।”
এরপর তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিজের আদর্শ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মায়ের মতো এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নেতা হিসেবে মানার কথা উল্লেখ করেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ভাই হিসেবে দেখেন বলেও জানান।
খোরশেদ লেখেন, দলের জন্য নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পলাতক অবস্থায় এবং কারাগারে কাটিয়েছেন। এছাড়া মহানগরের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ঘুরে দলকে সংগঠিত করতে গিয়ে পরিবার কিংবা ব্যক্তিগত কাজেও ঠিকমতো সময় দিতে পারেননি। এখন সেই ত্যাগেরই প্রতিদান পাচ্ছেন বলেও মন্তব্য করেন।
স্ট্যাটাসে তিনি আরও বলেন, তিনি বিশ্বাস করেন মহান আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী এবং বর্তমান অবস্থানও আল্লাহর পরিকল্পনারই অংশ। তাই তিনি কষ্ট পান না বা হতাশ নন। তবে দলের কিছু স্থানীয় ও কেন্দ্রীয় নেতার আচরণ তাকে অবাক করে বলেও উল্লেখ করেন।
খোরশেদের এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তার বক্তব্যকে অনেকে দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে দলীয় অভ্যন্তরীণ ক্ষোভের প্রকাশ বলেও মন্তব্য করছেন। তবে পোস্টে তিনি কোনো ব্যক্তি বা নেতার নাম উল্লেখ করেননি।

