নারায়ণগঞ্জের বন্দরে সাদিয়া (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া হাজরাদী এলাকার প্রবাসী মো. বিপ্লবের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে বিপ্লব ও সাদিয়ার বিয়ে হয়। আড়াই বছর আগে বিপ্লব মালয়েশিয়ায় পাড়ি জমান। এরপর থেকে সাদিয়া শ্বশুর-শাশুড়ির সঙ্গে স্বামীর বাড়িতেই বসবাস করতেন।
সোমবার দুপুরে খাবার খেয়ে চার বছরের ছেলেকে নিয়ে নিজ কক্ষে ঘুমাতে যান সাদিয়া। কিছুক্ষণ পর শিশুটির কান্নার শব্দ শুনে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে টিনের ঘরের ধরনার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই জাকির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করা হয়।
স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে সাদিয়ার কথা কাটাকাটি হতো। তবে ওই ঘটনার সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

