নারায়ণগঞ্জ বুলেটিন ডেস্ক: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত মেট্রোরেল (এমআরটি) লাইন সম্প্রসারণের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে ডিও লেটার দিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বুধবার (২২ জুলাই) পাঠানো ওই ডিও লেটারে তিনি নারায়ণগঞ্জের শিল্প, ব্যবসা বাণিজ্য, জনসংখ্যা এবং প্রতিদিনের যাতায়াতের বাস্তবতা তুলে ধরে মেট্রোরেলের প্রস্তাবিত রুটে সাইনবোর্ড, ভূইগড়, জালকুড়ি, শিবুমার্কেট, চাষাঢ়া এবং নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালকে পুনরায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান।
ডিও লেটারে এমপি দিপু ভূঁইয়া উল্লেখ করেন, প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ আয়তনে দেশের অন্যতম ছোট জেলা হলেও এখানে প্রায় এক কোটি মানুষের বসবাস। শিল্পঘন এই জেলায় সাত হাজার পাঁচশোরও বেশি ছোট বড় শিল্প কারখানা রয়েছে, যেখানে দেশের মোট নিটওয়্যার উৎপাদনের প্রায় ৫৫ শতাংশ সম্পন্ন হয়। এছাড়া হোসিয়ারি শিল্প, ঐতিহ্যবাহী জামদানি শিল্প এবং দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপগুলোর একাধিক কারখানা নারায়ণগঞ্জে অবস্থিত।
তিনি আরও বলেন, প্রাচীন রাজধানী পানাম নগরী এবং মুঘল স্থাপত্যের বিভিন্ন নিদর্শন দেখতে প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক নারায়ণগঞ্জে আসেন। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য ও চাকরির প্রয়োজনে প্রতিদিন প্রায় চার লাখ মানুষ নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করেন। কিন্তু পর্যাপ্ত জনবান্ধব গণপরিবহন না থাকা এবং তীব্র যানজটের কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চিঠিতে তিনি উল্লেখ করেন, ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার জন্য প্রণীত প্রাথমিক পরিকল্পনায় ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদীকে অন্তর্ভুক্ত করে এমআরটি লাইনের যে রুট নির্ধারণ করা হয়েছিল, সেখানে সাইনবোর্ড, ভূইগড়, জালকুড়ি, শিবুমার্কেট, চাষাঢ়া হয়ে নারায়ণগঞ্জ বাস টার্মিনাল পর্যন্ত সংযোগের প্রস্তাব ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে রুট পরিবর্তনের মাধ্যমে নারায়ণগঞ্জ শহরের এই অংশ বাদ পড়ার খবর স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
এমপি দিপু ভূঁইয়া বলেন, মেট্রোরেল প্রকল্প থেকে নারায়ণগঞ্জ শহর বাদ পড়লে জেলার সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হবেন। ইতোমধ্যে স্থানীয় জনগণ, ব্যবসায়ী এবং বিভিন্ন অংশীজন মানববন্ধন, সমাবেশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে তাদের দাবি তুলে ধরেছেন।
তিনি মনে করেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারিত হলে দীর্ঘদিনের যানজট নিরসনের পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশ, পরিবেশবান্ধব শিল্পের সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার নতুন সুযোগ সৃষ্টি হবে।
ডিও লেটারের শেষাংশে তিনি যাত্রীসাধারণের নির্বিঘ্ন যাতায়াত, শিল্প ও বাণিজ্যের প্রসার এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এমআরটি প্রকল্পে সাইনবোর্ড, ভূইগড়, জালকুড়ি, শিবুমার্কেট, চাষাঢ়া ও নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল অংশটি পুনরায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

