বন্দর থানা প্রেসক্লাবের ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ গঠন উপলক্ষে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বন্দরের মদনপুরের ড্রিমল্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে কণ্ঠভোটের মাধ্যমে ১৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
ক্লাবের আহ্বায়ক সাব্বির আহমেদ সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দৈনিক রুদ্রবার্তার সহকারী সম্পাদক হাজী মুহাম্মদ মুহসীন দেওয়ান সভাপতি, প্রেসবিডি ডটকমের সম্পাদক ডিএম মাইনুদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক এবং দেশবাংলার বার্তা সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মো. আবু সাঈদ মিয়া, সহসভাপতি মো. মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন হাসান, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম, অর্থ সম্পাদক সজিব খান, দপ্তর সম্পাদক সাজিদ হোসেন কিবরিয়া, মহিলা বিষয়ক সম্পাদক শান্তা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিমল চন্দ্র ঘোষ।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাব্বির আহমেদ সেন্টু, মো. ফিরোজ খান, অ্যাডভোকেট শাহানাজ জামান, নজরুল ইসলাম নয়ন, শ্যামল কুমার দাস, ইমরান হোসাইন আকাশসহ অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা বলেন, বন্দর থানা প্রেসক্লাব সবসময় পেশাদারিত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে নিজেদের সুনাম অক্ষুণ্ণ রেখেছে। সাংবাদিকতার মানোন্নয়নে ক্লাবের সদস্যদের আরও দক্ষ করে তুলতে প্রতি তিন মাস অন্তর প্রশিক্ষণের আয়োজন করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে এমনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়, যাতে বন্দর থানা প্রেসক্লাবের কোনো সদস্যের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ না ওঠে।
বিশেষ সাধারণ সভায় দৈনিক বিজনেস ফাইলের ডেপুটি এডিটর শোভন কমল, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিহাদ হোসেন, দৈনিক পূর্ণজাগরণের সম্পাদক হুমায়ূন কবির মৃধা, মো. ফখরুদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বন্দর, নারায়ণগঞ্জ এবং দেশের সকল প্রয়াত গণমাধ্যমকর্মীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আবু সাঈদ মিয়া।

